আল আমিন রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের সময় রাজন (২৫) নামে এক চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দুই ছিনতাইকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল (২৪) ও জামাল মিয়া (৩০) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এদিকে ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে রূপগঞ্জ থানাধীন রূপসী বাগবাড়ি ব্রিজসংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাজন রূপসী প্রধানবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে দুই ছিনতাইকারী রাজনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় সড়কে ফেলে রেখে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে পালিয়ে যায়।
এ সময় টহল পুলিশ ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই ছিনতাইকারীকে আটক করার চেষ্টা করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পুলিশের টহল গাড়িতে ধাক্কা দিলে এক পুলিশ সদস্য সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন যৌথভাবে ছিনতাইকারীদের ধাওয়া করেন।
ধাওয়ার একপর্যায়ে তারাবো বিশ্বরোডসংলগ্ন ময়লার স্তূপের সামনে থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল ও জামাল মিয়াকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে রক্তমাখা একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন তাঁরা।
এদিকে, আহত রাজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
আটক ফয়সাল (২৪) রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। অপর আটক জামাল মিয়া (৩০) নোয়াখালীর করিমপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে।
এ ঘটনায় ছিনতাই ও হত্যার অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দ্রুত আইনি কার্যক্রম সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন।